২২ জুলাই, ২০১৫ ১৫:০৯
রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় গণধষর্ণের শিকার হয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী। নবম শ্রেণির শিক্ষার্থী ওই তরুণী গাবতলী এলাকায় বসবাস করেন।
জানা যায়, লালবাগ শহীদনগর এলাকার সুজন নামে এক ছেলের সঙ্গে মেয়েটির চার বছরের প্রেম। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সে সুজনের সঙ্গে দেখা করতে আসে। আনুমানিক রাত ১২টার দিকে মেয়েটি গাবতলী ফেরার সময় শহীদনগর লোহার গেট সংলগ্ন এলাকায় পৌঁছলে তিন যুবক তাকে টেনে-হেঁচড়ে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। এরপর তারা সেখানে মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালায়।
এদিকে, প্রেমিক সুজন অনেক খোঁজাখুঁজি করে মেয়েটিকে না পেয়ে বুধবার (২২ জুলাই) সকালে ওই ভবন থেকে তাকে উদ্ধার করে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য