সিলেটটুডে ডেস্ক

২৩ জুলাই, ২০১৫ ১৫:২৫

রাজন হত্যার অভিযোগপত্র ‘তিন-চারদিনের মধ্যে’ জানালেন আইনমন্ত্রী

শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের মামলা দ্রুত বিচার আইনে হবে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন- আগামি ‘তিন-চারদিনের মধ্যে’ রাজন হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীতে বিচারকদের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমাকে তিনি আশ্বস্ত করেছেন, আগামী তিন-চারদিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল হবে।”

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই সে দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়।
আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজন হত্যার তড়িৎ বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, সেই ব্যবস্থা করছি।

তিনি জানান, অভিযোগপত্র দাখিল হলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচার করা হবে। বিচার যাতে দ্রুত সম্পন্ন হয়, তাও প্রসিকিউশনের মাধ্যমে নিশ্চিত করা হবে।

“আমাদের উদ্দেশ্য হচ্ছে, এরকম অপরাধ যারা করে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে এরকম অপরাধ করার দুঃস্বপ্ন যদি কেউ দেখেন, সেটা যেন বাস্তবে রূপান্তরিত না হয়, সেই ব্যবস্থা করা।”

রাজনকে হত্যার পর লাশ গুম করার সময় মুহিত আলম নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে মুহিত, তার ভাই কামরুল ইসলাম ও আলী হায়দার এবং ময়না মিয়া চৌকিদারসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এ ঘটনায় মুহিতের স্ত্রী লিপি বেগম, দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে তাজুদ্দিন আহমেদ বাদল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় রাজন হত্যায় সহযোগিতার অভিযোগে।

আর মুহিতের ভাই সৌদি আরব প্রবাসী কামরুল ঘটনার পর সেদেশে পালিয়ে গেলে প্রবাসীরা তাকে আটক করে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ইতোমধ্যেই কামরুলের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড এলার্ট' জারি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত