২৩ জুলাই, ২০১৫ ২১:৫৩
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র তথ্যমতে, দেশে গেলো ছয় মাসের ব্যবধানে ১০১ জনের বেশি মানুষ আইন-শৃংখলা-রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন। আর আটক করা হয়েছে ২৯ জনকে। তবে এর প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে দাবি করছেন মানবাধিকার কর্মীরা।
তাদের মতে, আইন শৃংখলা বাহিনীর জবাবদিহীতা না থাকা এবং রাজনৈতিক সংশ্লিষ্টার কারণে এমনটা ঘটছে। আর এর প্রভাবে দেশের অনেক মা্নুষ আতঙ্কিত বলেও অভিমত তাদের।
গেলো বছরে নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণের পর খুনের ঘটনার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে৷ আসক তাদের প্রতিবেদনে দাবি করেছে, গেলো জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ১০১ জন মানুষকে হত্যা করা হয়েছে। এরা সবাই আইন-শৃংখলা-রক্ষাকারী বাহিনীর হেফাজতে কিংবা ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।
এর মধ্যে গ্রেফতারের আগে ‘ক্রসফায়ারে’ মারা গেছেন ৩৮ জন, গ্রেফতারের পর ‘ক্রসফায়ারে’ ৩৪ জন, গ্রেফতারের আগে শারিরীক নির্যাতনে ৩ জন এবং গ্রেফতারের পরে শারীরিক নির্যাতনে ৪জন নিহত হয়েছেন।
এছা্ড়া, গ্রেফতারের পরে আত্মহত্যায় মারা গেছেন ৩ জন, গ্রেফতারের আগে গুলি করা হয়েছে ৭জনকে, গ্রেফতারের পরে গুলি করা হয়েছে ৮ জনকে, গ্রেফতারের পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩জন এবং ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে ১জনকে।
আসক তাদের প্রতিবেদনে বলছে, গেলো ছয় মাসে ২৯ জনকে আটক করেছে আইন শৃংখলা-রক্ষাকারী- রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে পরবর্তী সময়ে লাশ হয়ে ফিরেছেন ৪জন, ফেরত দেয়া হয়েছে একজনকে এবং পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়েছে একজনকে। আটককৃত ২৯ জনের মধ্যে কেউ দোকানদান, রাজনৈতিক কর্মী, পোশাক শ্রমিক, ছাত্র এবং পরিচয় পাওয়া যায়নি এমন ব্যক্তিও রয়েছেন।
আপনার মন্তব্য