২৪ জুলাই, ২০১৫ ০৮:৫৬
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির মধ্যে চারটি বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
শুক্রবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেটে ভূমি ধস হতে পারে। এজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যার পর শুরু হওয়া বৃষ্টি আজ থেকে বাড়বে বলে জানান আবহাওয়াবিদ মল্লিক।
তিনি বলেন, সারা দেশে হালকা থেকে মাঝারী বৃষ্টি হবে। এই বৃষ্টি অব্যাহত থাকবে আরো ২/৩ দিন।
উল্লেখ্য,গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চট্টগ্রামে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকায় ১২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আপনার মন্তব্য