২৭ জুলাই, ২০১৫ ১২:১৯
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে জিয়াউর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের সীমান্ত এলাকার ২৪২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউর দক্ষিণ পাতাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে। ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে তিনি গুলিতে মারা যান।
বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার রাতে দক্ষিণ পাতাড়ি গ্রামের সীমান্ত এলাকা দিয়ে জিয়াউরসহ ৫/৬ জন গরু আনতে ভারতে যান। তারা গরু নিয়ে ফেরার পথে ভোররাত ৪টার দিকে বিএসএফের রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জিয়াউর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
জিয়াউর রহমানের মৃতদেহ দেশে নিয়ে আসার চেষ্টা চলছে।
নওগাঁয় বিজিবি ১৪ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
আপনার মন্তব্য