সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৫ ০২:৩৬

যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর আপিলের রায়কে ঘিরে সর্বোচ্চ সতর্কতা

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চূড়ান্ত রায় ঘোষণাকে সামনে রেখে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপীলের রায় ঘোষণা করা হবে ২৯ জুলাই।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

রায় ঘোষণাকে সামনে রেখে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। বিজিবি, র্যা ব, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি চট্টগ্রামে রেডএলার্ট জারি করার নির্দেশ দেয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশের উচ্চপর্যায় সূত্রে এ খবর জানা গেছে।

এর আগে জামায়াতের যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণার পর জামায়াত-শিবির যেভাবে দেশব্যাপী নাশকতা চালিয়েছে তার পুনরাবৃত্তি যাতে বিএনপি না ঘটাতে পারে, সে জন্য আগাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে। এই প্রথমবারের মতো কোন বিএনপির কেন্দ্রীয় নেতার যুদ্ধাপরাধের অভিযোগে রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট ভবন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিন স্তরের নিরাপত্তায় র‍্যাব, সোয়াত, পুলিশ, গোয়েন্দা, দাঙ্গা পুলিশ, বোম ডিস্পোজাল ইউনিটসহ পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। জলকামান, এপিসি, পিপার স্প্রে, টিয়ারগ্যাসসহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার করার প্রস্তুতি নেয়া হয়েছে।

হাইকোর্ট ভবনের চতুর্দিকে র‍্যাব, সোয়াত, পুলিশ, গোয়েন্দা সংস্থা, দাঙ্গা পুলিশ সদস্যরা ঘিরে রাখবে। হাইকোর্ট ভবনের গেট সকাল নয়টার আগেই আটকে দেয়া হবে। কেবল অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের প্রবেশাধিকার থাকবে। হাইকোর্ট ভবনের গেটে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। পুলিশের নিরপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে হাইকোর্ট ভবন এলাকা।

গোয়েন্দাদের আশঙ্কা, সাকা চৌধুরীর আপীল বিভাগের চূড়ান্ত রায় ঘোষণার দিন নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে পারে বিএনপি। যতবারই জামায়াতের যুদ্ধাপরাধীর রায় ঘোষণা করা হয়েছে ততবারই জামায়াত-শিবির যেভাবে ঢাকাসহ সারাদেশে হরতাল ডেকে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে, সেভাবে যাতে বিএনপিও নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে- সে জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত