সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৫ ০১:৫০

যুদ্ধাপরাধের রায়: গোয়েন্দা নজরদারিতে সাকা চৌধুরীর বাড়ি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের আপিলের রায়কে কেন্দ্র করে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির ওপর কঠোর গোয়েন্দা নজরদারি রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হচ্ছে।

আজ বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে সাকা চৌধুরীর আপিলের নিষ্পত্তি করবে আপিল বিভাগ। কার্যতালিকায় এ মামলা রাখা হয়েছে এক নম্বরে।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এদিকে রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে দুই প্লাটুন বিজিবি সদস্য। এছাড়াও জেলার মিরসরাই,সীতাকুণ্ড ও হাটহাজারী এলাকায় ভোর থেকে মাঠে নামছে ছয় প্লাটুন বিজিবি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য সংবাদমাধ্যমকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

তিনি আরও জানান- সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে ১০ জন নগরীতে বসবাস করেন। তাই তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির ওপরও গোয়েন্দা নজরদারি থাকছে।

এদিকে ২৮ বিজিবি ব্যাটালিয়নের মেজর তানভির মাহমুদ বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার মিরসরাই,সীতাকুণ্ড ও হাটহাজারিতে বুধবার ভোর থেকে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

এছাড়াও নগরীতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত