সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৫ ১০:৫০

প্রত্যাশা অনুযায়ি রায়- অ্যার্টনি জেনারেল : রিভিউ করব- খন্দকার মাহবুব

যুদ্ধাপরাধী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বেগম খালেদা জিয়ার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা, এরশাদ সরকারের সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) রায়ের প্রতিক্রিয়ায় অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন- প্রত্যাশা অনুযায়ি রায় হয়েছে।

এদিকে, সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রায়ের কপি পেয়ে রিভিউ আবেদন করব। যেসব অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে, আমরা আশা করি রিভিউর মাধ্যমে সেগুলো থেকে তিনি খালাস পাবেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ।

সাকা চৌধুরীর আপিল আবেদন খারিজ করে দিয়ে বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ৯টি অভিযোগে সাজা হয়েছিল। আপিল বিভাগে এসে একটি অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত