সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৫ ১৮:৪৭

২৪ নভেম্বরের পর থেকেই নিষিদ্ধ হাতে লিখা পাসপোর্ট

এই বছরের ২৪ নভেম্বর থেকেই হাতে লিখা পাসপোর্ট ব্যবহারের কোন সুযোগ থাকছেনা বলে সিদ্ধান্ত দিয়েছে সরকার। ২৪ নভেম্বরের পর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।

আজ সচিবালয়ে এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশ মতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)  দেওয়ার অগ্রগতি সমস্যাবলী ও আইসিএও’র স্ট্যান্ডার্ড বিষয়ক  আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আইসিএও’র নির্দেশনা মতে, হাতে লেখা পাসপোর্টের মেয়াদ আগামী ২৪ নভেম্বর শেষ হবে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধূরী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাগণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিএও’র নির্দেশনা অনুযায়ী  মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া বিদেশ গমন করা যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার জন্য বলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত