সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৫ ১৭:৩৩

বাঘ নিয়ে ফের বেফাঁস মন্তব্য বনমন্ত্রীর : ‘বাঘ বেড়াতে গেছে পশ্চিমবঙ্গে’

সুন্দরবনের বাঘের সংখ্যা কমে যাওয়ায় হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন ভারতের পশ্চিমবঙ্গে বেড়াতে যাওয়া বাঘগুলো ফিরে আসলেই এই সংখ্যা ঠিক হয়ে যাবে।
বিশ্ব বাঘ দিবস-২০১৫ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘যেকোনো পরিসংখ্যানই সবচেয়ে বড় মিথ্যা কথা। কেননা বাঘ কতটা পাওয়া গেছে, এর চেয়ে বড় কথা হচ্ছে বাঘ কখন গোনা হয়েছে।’

বাঘ রক্ষায় দেশে সচেতনতা তৈরি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাই মিলে এই বাঘকে রক্ষা করতে হবে।

এরআগে সিলেটে এসে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছিলেন, "বাঘ রক্ষা করার জন্য আমাকে ১৩শ' মিলিয়ন (থার্টিন হান্ড্রেড মিলিয়ন ডলার) দিছে। আল্লাহ জানে কতটা বাঘ আছে। পয়সা দিছে লেইখা দিছি ৪৪০ টা । তাই না...এটা বাস্তব।"

বৃহস্পতিবার অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ বলেন, রাশিয়ায় ২০১১ সালে অনুষ্ঠিত বাঘ সম্মেলনে বাংলাদেশের করা অঙ্গিকার বাস্তবায়িত হলে বাঘের সংখ্যা এতটা কমে আসত না। বনের ভেতর দিয়ে নৌযান চলাচল করার কথা ছিল না। বাঘ রক্ষা করতে হলে সুন্দরবনের ভেতরে এসব তৎপরতা বন্ধ করতে হবে।
বাঘদিবসের এই অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ছাড়াও মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত