৩০ জুলাই, ২০১৫ ২৩:৫৮
আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফ্রিকার দেশ আইভরিকোস্ট ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, বর্তমানে মেজর (অব.) জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে আইভরিকোস্টে অবস্থান করছে একটি প্রতিনিধি দল।
গত ২৮ জুলাই জাতিসংঘ মহাসচিবের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ সায়মন মুনজুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় সায়মন মুনজু আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এছাড়া সফরকারী প্রতিনিধিদল আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কার্লোসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। আইভরিকোস্টের সহকারী বাণিজ্য মন্ত্রী জিন লুইস বিলনের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় দু’পক্ষই পারস্পারিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। এর আগে স্থায়ী কমিটির অপর একটি প্রতিনিধি দল বর্তমানে কঙ্গোতে অবস্থান করছেন।
সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দল কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন ছাড়াও জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মার্টিন কবলের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন।
আপনার মন্তব্য