প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দল ও সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসীকে বলব, কোনোস্থানে দুর্নীতি হলে দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুদক (দুর্নীতি দমন কমিশন) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিতভাবে জমা দেন। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।'
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 'লেটস টক' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে জয় আরও বলেন, 'সারাদেশের সব এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আমরা মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছি। এজন্য কেবল সরকারের ভূমিকাই যথেষ্ট নয়। জনগণকে সচেতন করতে সবাইকে কাজ করতে হবে।'
জয় বলেন, 'লক্ষ্যমাত্রার ছয় বছর আগেই বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সঠিক নেতৃত্ব পেলে এই জাতি যেমন পরাধীনতার শিকল ছিঁড়ে মুক্তি ছিনিয়ে আনতে পারে, তেমনি সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সামনের দিকে এগিয়েও যেতে পারে। ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি 'আমরাও পারি'।
চলতি মাসের শুরুতে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, মাথাপিছু আয়ের ভিত্তিতে তাদের সূচকে বাংলাদেশ একধাপ এগিয়ে নিম্ন-মধ্য আয়ের দেশের কাতারে পৌঁছে গেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল।
বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা অনেক দিন ধরে স্বপ্ন দেখতাম এটা অর্জন করব। একটা পর্যায়ে এসে উচ্চপর্যায় থেকেই শুনেছি এটা হবে। কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। শেখ হাসিনা সরকারের ওয়াদা ছিল ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাব। কিন্তু এর ছয় বছর আগে নিম্ন-মধ্যম আয়ের স্বীকৃতি অর্জন করেছি। আশা করি, নির্ধারিত সময়ের আগেই শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই মধ্যম আয়ের দেশে পরিণত হব আমরা।'
'লেটস টক ইউথ সজীব ওয়াজেদ জয় অন বাংলাদেশ এচিভিং মিডল ইনকাম স্ট্যাটাস' শীর্ষক এ আলোচনার আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
জয় বলেন, 'বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমাদের মধ্যে অদম্য ইচ্ছাশক্তির পাশাপাশি দেশপ্রেম ও কর্মের সততা আছে। তাই আমরা নিজেরাই পারি; দেশবাসীকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে।'
শেখ হাসিনা সরকারের গত দুই মেয়াদে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, এত অল্প সময়ে বিশ্বের সবচেয়ে দারিদ্র্য একটি দেশ থেকে এভাবে উন্নতি করার বিষয়টিতে আমরাও আশ্চর্য হয়েছি। মাত্র ছয় বছরে এ অর্জন একটা চ্যালেঞ্জ ছিল। বিশ্বের সবচয়ে দারিদ্র্য দেশ থেকে আজ আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশ।'
জয় বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে গেছেন। আপনারা দেখেছেন, যেখানেই বাধা-বিপত্তি এসেছে প্রধানমন্ত্রী তার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন মহলের ষড়যন্ত্র ছিল, সেগুলোও অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করেছেন।'
তিনি বলেন, 'দেশের এতো দ্রুতগতির উন্নতিতে অনেকেই কাজ করেছেন। তবে সব কিছুর মূল পরিকল্পনাকারী ছিলেন একজনই। আমরা সবাই তাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে যখন তত্ত্বাবধায়ক সরকার অবৈধভাবে আটক করে তখন তিনি জেলে বসেই সব কিছু পরিকল্পনা করেন।'
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আরও বলেন, 'বাংলাদেশে আগের চেয়ে দুর্নীতি অনেক কমেছে। এটা আওয়ামী লীগ সরকারের একটা বড় অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। বিএনপি-জামায়াতের সময়ে দেশ দুর্নীতিতে পর পর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল।'
আপনার মন্তব্য