নিউজ ডেস্ক

০১ আগস্ট, ২০১৫ ০৩:২৯

শুরু হলো শোকের মাস আগস্ট

'দিকে দিকে পাপমুক্তির আনন্দে/মানুষ বেরিয়ে পড়বে/রাজপথ লিখবে আবার/অভিশাপ মুক্তির কলঙ্ক মোচনের ইতিহাস।' (খুনিদের প্রতি ঘৃণা- রবীন্দ্র গোপ)। জনক হত্যার সেই পাপমুক্তি ঘটলেও খুনিদের প্রতি বাঙালি জাতি ও বিশ্বমানবতা ধিক্কার জানাবে কালের পর কাল। যতদিন পৃথিবী থাকবে ততদিন ঘৃণার নহরও বয়ে চলবে নিরবধি। 

শুরু হলো শোকের মাস আগস্ট। আজ থেকে আগস্ট মাসজুড়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবার জাতির জনক হত্যার ৪০ বছর পূর্তিতে দেশজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। আওয়ামী লীগসহ সহযোগী-ভ্রাতৃপ্রতিম, সমমনা সংগঠনসহ গোটা জাতি পালন করবে ৪০ দিনের কর্মসূচি। এসব কর্মসূচিতে বঙ্গবন্ধুকে হৃদয়ের গহিনে চিরস্মরণীয় করে রাখার তাগিদও থাকবে। 

১৯৭৫ সালের মধ্য আগস্টে ঘটে বাঙালির ইতিহাসের সেই বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায়। ১৫ আগস্ট নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন বাঙালির স্বাধীনতার মহান স্থপতির বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শ্যামল বাংলার মাটি। জাতির জনকের সঙ্গে সেদিন মুক্তিযুদ্ধের মহান আদর্শ ও চেতনাও একাত্তরের পরাজিত শত্রুদের কূট ষড়যন্ত্র আর হামলার শিকার হয়েছিল। 

তবে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার বিচারের চূড়ান্ত রায় ও পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে। পুরো জাতি এখনও রুদ্ধশ্বাস প্রতীক্ষার প্রহর গুনছে বঙ্গবন্ধুর খুনি বাকি ছয় পলাতকের ফাঁসি কার্যকরের সেই মাহেন্দ্রক্ষণের। 

এই আগস্টেই ঘটেছিল জাতির ইতিহাসের আরও একটি বিয়োগান্ত ঘটনা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ঝরে গিয়েছিল অসংখ্য তাজা প্রাণ। 

শোকের মাস আগস্টের প্রথম প্রহরে জাতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে শ্রদ্ধা জানিয়েছে আগস্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারকে। শনিবার মধ্যরাত তথা রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন, আলোর মিছিল, শপথ গ্রহণ ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন দল ও সংগঠন শোকের মাসের মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এসব কর্মসূচিকে ঘিরে ছিল শোকার্ত মানুষের উপচেপড়া ভিড়।

শোকের কর্মসূচি :

জাতির পিতার ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জেলা শাখা এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। বিকেল ৪টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৫ আগস্ট রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে ওই দিন সূর্যোদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ আওয়ামী লীগের সর্বস্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল, সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল, বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দুপুরে অসচ্ছল দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ, বাদ আসর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং ১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। দলের সভাপতিম লীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১২ আগস্ট বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আলোচনা সভার আয়োজন করবে। 

৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল ৮টায় ধানমণ্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণ ও সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ ও বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে

স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ওই দিন সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, বাদ জোহর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল এবং বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে। এ উপলক্ষে ৮ আগস্ট যুবলীগ ও ৯ আগস্ট ছাত্রলীগ আলোচনা সভা করবে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী উপলক্ষে ওই দিন বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যুবলীগ ১৯ আগস্ট বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এবং যুব মহিলা লীগ আলাদা আলোচনা সভা করবে। 

কর্মসূচির অংশ হিসেবে ১২ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দেশের বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে 'রঙতুলিতে শোকগাথা' শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হবে। এ ছাড়া ৩ আগস্ট ও ৪ সেপ্টেম্বর তাঁতী লীগ, ৪ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ১১ আগস্ট স্বেচ্ছাসেবক লীগ, ১৩ আগস্ট যুব মহিলা লীগ, ১৭ ও ৩০ আগস্ট (অথবা ৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর আওয়ামী লীগ, ১৮ আগস্ট জাতীয় শ্রমিক লীগ, ২০ আগস্ট বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, ২২ আগস্ট কৃষক লীগ, ২৪ আগস্ট ও ৩ সেপ্টেম্বর আওয়ামী আইনজীবী পরিষদ, ২৫ আগস্ট মহিলা শ্রমিক লীগ, ২৬ আগস্ট স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ৩১ আগস্ট ও ৮ সেপ্টেম্বর ছাত্রলীগ এবং ৭ সেপ্টেম্বর যুব মহিলা লীগ আলাদা আলোচনা সভা করবে। 

এদিকে ২০ আগস্ট থেকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবলীগের উদ্যোগে 'রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম' শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী আয়োজিত হবে। ওলামা লীগ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল ছাড়াও ৫, ৮, ১১, ১৫ ও ২১ আগস্ট আলাদা মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা করবে। জয় বাংলা সাংস্কৃতিক ঐকজোট আজ বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাব থেকে সোহরাওয়ার্দী উদ্যানের 'শিখা চিরন্তন' পর্যন্ত শোক র‌্যালি এবং ১২ আগস্ট বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। 

শোকের মাসের সূচনা দিনে 'আমরা সূর্যমুখী' আজ বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে 'বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন :দেশ ও গণ-মানুষের উন্নয়ন' শীর্ষক স্মরণসভা করবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও আলোচনা সভা ও সংগঠনের উপদেষ্টা তোফাজ্জল হোসেন রচিত 'রক্তের ঋণ' বইয়ের দুই হাজার কপি প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। 

আপনার মন্তব্য

আলোচিত