সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০১৫ ০২:০৭

মোবাইল ব্যাংকিং : পাঁচ হাজার টাকার বেশি লেনদেনে ছবি তোলা বাধ্যতামূলক

মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি হলেই গ্রাহকের ছবি তুলে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সংশ্লিষ্ট সকল হিসাবের গ্রাহক পরিচিতিতে 'নো ইউর ক্লায়েন্ট' (কেওআইসি) প্রদত্ত তথ্যের সঙ্গে মোবাইল সিমের নিবন্ধন তথ্যাবলী নির্ভুলকরণ এবং অপরাধমূলক লেনদেনের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বলা হয়েছে।

এজন্য পাঁচহাজার টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করলেই এজেন্ট কর্তৃক লেনদেনকারীর ছবি তুলে তা হিসাবের সঙ্গে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপরাধমূলক লেনদেনের ঝুঁকি কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের জন্য যে সিম নিবন্ধন করা হয়েছে সেগুলোর তথ্য যাচাই করতেও নির্দেশ দিয়েছে।

কোন গ্রাহকের একইরকম তথ্য না থাকলে আগামী ছয় মাসের মধ্যে পুনঃনিবন্ধন করতে হবে। গ্রাহকরা যে পুনঃনিবন্ধন করেছেন তা নিশ্চিত করার জন্য পুনঃনিবন্ধনের প্রমাণের দালিলিক প্রমাণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় প্রচারণা চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ৩১ অগাস্টের মধ্যে এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে হবে। এছাড়া পরবর্তীতে ছয় মাস পরপর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে ব্যাংকগুলোকে।

দেশে বর্তমানে ৫৬টি তফসিলি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ২৮টি ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য অনুমোদন নিলেও সেবা দিচ্ছে ২০টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সারা দেশে দুই কোটি ৮৬ লাখ ৫০ হাজার সিম ব্যক্তিগত মোবাইল ব্যাংকিংয়ের জন্য নিবন্ধন নিয়েছে। এর মধ্যে এক কোটি ২২ লাখ ৩৪ হাজার সিম সচল রয়েছে। আর এজেন্ট হিসেবে নিবন্ধন নিয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৭০টি সিম।

সর্বশেষ জুন মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে মোট ১২ হাজার ৯৭০ কোটি টাকা লেনদেন হয়েছে। আর দৈনিক গড় লেনদেনের পরিমান ৩২ লাখ ৫ হাজার ৩১০টি।

আপনার মন্তব্য

আলোচিত