সিলেটটুডে ডেস্ক

০৫ আগস্ট, ২০১৫ ০২:৪১

আফ্রিকানদের নিয়ে ইলিয়াস মোল্লা এমপি’র বর্ণবাদী মন্তব্য

কঙ্গো ও আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের সেনা সদস্যের কার্যক্রম পরিদর্শন শেষে দেশে ফেরা প্রতিনিধি দলের এক সদস্য সংবাদ সম্মেলনে আফ্রিকানদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন।

আওয়ামী লীগ দলীয় এ সংসদ সদস্য হচ্ছেন ইলিয়াস উদ্দিন মোল্লা, তিনি ঢাকা-১৬ (মিরপুর) আসনের সাংসদ। তিনি সংবাদ সম্মেলনে তার বক্তব্যে আফ্রিকানদের উদ্দেশ করে কালো কালো মানুষ, আফ্রিকানরা ১৫ দিন পর গোসল করে সহ নানাবিধ বর্ণবাদী মন্তব্য করেছেন।

আফ্রিকানদের কটুক্তি করলেও ইলিয়াস উদ্দিন মোল্লাহ বাংলাদেশের সেনা সদস্যদের প্রশংসা করেছেন।

ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, “আমাদের আর্মি সেখানকার (আফ্রিকার) কালো কালো মানুষদের সভ্যতা (সভ্য) করার জন্য গেছে এবং আমি মনে করি তারা সে কাজ করেই আসবে।”

কঙ্গো ও আইভরি কোস্টে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজ দেখে এসে মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলন করে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ওই সংবাদ সম্মেলনেই তিনি এসব মন্তব্য করেন। ইলিয়াস মোল্লা জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য।

ইলিয়াস মোল্লাহ আরও বলেন, “ওখানকার (আফ্রিকার) মানুষ এখনও সভ্যতা পায়নি। তারা ১৫ দিন পর পর গোসল করে। গোসল করার সময় সাবান মেখে গায়ে পানি দেয় না। কারণ ওখান থেকে সুগন্ধি বের হয়।”

সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে আফ্রিকানদের বারবারই ‘কালো কালো’ মানুষ বলে আখ্যায়িত করেন তিনি। ইলিয়াস মোল্লা বলেন, ‘সেখানে ব্রাজিলের আর্মি আছে, ফিলিপাইনের আর্মি আছে, পাকিস্তানের আর্মি আছে, বাংলাদেশের আর্মি আছে। আমি সেখানকার কালো কালো মানুষদের প্রশ্ন করেছি। তারা বলেছে… তারা বাংলাদেশ বলতে পারে না, বলেছে বাংলা গুড।’

জাতীয় সংসদের তথ্য অনুযায়ি এইচএসসি শিক্ষাগত যোগ্যতার ইলিয়াস উদ্দিন মোল্লাহ আফ্রিকানদের জ্ঞানের বহর নিয়েও প্রশ্ন তোলেন।

জাতিসংঘ আফ্রিকার মানুষকে ‘সভ্য’ করার কোনো দায়িত্ব বাংলাদেশি শন্তিরক্ষীদের দিয়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, আমরা তাদের সভ্যতার জন্য সহযোগিতা করছি।”

সংসদ ভবনে সংবাদ সম্মেলনে ইলিয়াস মোল্লাহর সঙ্গে আফ্রিকার দেশ দুটি সফর করে আসা সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভুইয়া, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহবুবুর রহমান ও হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত