নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০১৫ ২২:৩৫

নিলয় হত্যা : খুনিরা গ্রেফতার না হওয়ার শঙ্কা স্ত্রীর, দ্রুত গ্রেফতারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্লগার নিলয় নীলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে, নীল হত্যার বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিহতের পরিবার।

শুক্রবার স্বামীর মরদেহের পাশে আহাজারি করার সময় আশা বলেন, ‘নিলয়ের মতো অভিজিৎ দাদাকেও হত্যা করা হয়েছিল। এখন পর্যন্ত অভিজিৎ দার কোনো হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তেমনি নিলয়ের হত্যাকারীও গ্রেফতার হবে না।’

তিনি অভিযোগ করেন, নিলয় নিরাপত্তার জন্য থানাতে গিয়েছিল। কিন্তু কেউ অভিযোগ নেয়নি এবং কোনো ধরনের সহযোগিতাও করেনি।

যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “কিছুক্ষণ আগেও এ বিষয়ে আইজিপিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা ইনশাল্লাহ হত্যাকারীদের ধরে ফেলব।”

দুপুরে জুমার নামাজের সময় রাজধানীর পূর্ব গোড়ানে নিলয়ের বাসায় ঢুকে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে চার থেকে পাঁচজন।

পুলিশ বলছে, নিলয়কে যেভাবে কোপানো হয়েছে তার সঙ্গে আগের ব্লগার হত্যার ধরন মিলে যায়।

গত আট মাসের মধ্যে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট হত্যার তিন ঘটনার কোনোটিরই মীমাংসা করতে পারেনি পুলিশ।

তারপরও নিলয়ের খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে মন্ত্রী কামাল বলেন, “প্রতিটি টিম এ নিয়ে মাঠে কাজ শুরু করে দিয়েছে।”

গত ১২ মে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ, ৩০ এপ্রিল অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু ও ২৬ ফেব্রুয়ারি লেখক অভিজিৎ রায় একই কায়দায় খুন হন। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের সন্দেহ ছিল ধর্মীয় উগ্রপন্থি সংগঠনগুলোর দিকে।

আপনার মন্তব্য

আলোচিত