০৮ আগস্ট, ২০১৫ ১০:৩৫
ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার ঘটনায় তার স্ত্রী আশা মনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় চার জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে খিলগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে মামলা হয়েছে। মামলা নং-১১। খিলগাঁও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন খান মামলাটির তদন্ত ভার পেয়েছেন বলেও জানান তিনি।
শুক্রবার দুপুরে জুমার নামাজের আজানের কিছুক্ষণ পর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার বাম পাশের ফ্ল্যাটে ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে জঙ্গি মৌলবাদীরা। স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন তিনি।
সিলেটে রাস্তার ওপর ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তিন মাস যেতে না যেতেই রাজধানীতে এ ব্লগারকে বাসায় ঢুকে জবাই করে হত্যা করা হলো। এর আগে ১৫ ফেব্রুয়ারি ২০১৩’তে গণজাগরণের রাজীব, ২৬ ফেব্রুয়ারি ২০১৫’তে মুক্তমনা লেখক অভিজিৎ রায় এবং চলতি বছরের ৩০ মার্চ ওয়াশিকুর হত্যার পর এ তালিকায় যুক্ত হলো আরও এক নাম নিলয় নীল।
আপনার মন্তব্য