সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০১৫ ১৩:৩৪

‘অন্য ব্লগার হত্যার সঙ্গে মিল আছে’

আগের ব্লগারদের হত্যার ধরনের সঙ্গে নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) হত্যাকান্ডের মিল রয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগ।

এছাড়া ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয়, গলায় আঘাতের কারণেই নিলয়ের মৃত্যু হয়েছে। শরীরে ১০-১২টি ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্তের পর ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী এসব তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. হাবিবুজ্জামান চৌধুরী বলেন, আগের ব্লগারদের হত্যার ধরনের সঙ্গে এই হত্যার মিল রয়েছে। তিনি বলেন, ‘সবই একই সূত্রে গাঁথা।’

এদিকে সকালে মর্গে নিলয়ের সুরতহাল রিপোর্ট জমা দেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক হিরু মোল্লা।

ময়নাতদন্ত শেষে নিলয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিলয়ের চাচা এ্যাডভোকেট বিমল চট্টোপাধ্যায় জানিয়েছেন শেষকৃর্ত্য সম্পাদনের জন্য নিজ এলাকা পিরোজপুর নিয়ে যাওয়া হবে ভাতিজার মরদেহ।

প্রসঙ্গত, রাজধানী খিলগাঁও গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় শুক্রবার দুপুর ১টার দিকে বাসাভাড়া নেয়ার কথা বলে চারজন যুবক তাদের বাসায় প্রবেশ করেন। এ সময় তারা নিলয়ের স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলয়কে কুপিয়ে হত্যা করে।

খুনিরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্থান ত্যাগ করে।

এদিকে রাতে নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত