০৮ আগস্ট, ২০১৫ ২০:২৪
একাত্তরের বীরাঙ্গনা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে জঙ্গি মৌলবাদীরা। তাকে ব্লগার নিলয় নীলের পরিণতির জন্য প্রস্তুত থাকতেও বলেছে তারা।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৭ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, বিকেলের (শনিবার, ৮ আগস্ট) দিকে একটি নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে। ব্যস্ত থাকায় আমি সে কলটি কেটে দিই। পরে ওই নাম্বার থেকে আমার ছেলে দারু তিতাসের মোবাইলে কল দেয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা মিডিয়াতে বলার মতো নয়। এক পর্যায়ে আমাকে হত্যা করা হবে বলে আমার ছেলেকে হুমকি দেওয়া হয়।
একাত্তরের এ বীরাঙ্গনা বলেন, আমার ছেলেকে হুমকি দেওয়ার পর আমার মোবাইলে বারবার ওই নাম্বারটি থেকে কল দেওয়া হতে থাকে। আমি কলটি রিসিভ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর আমাকে বলা হয়, ‘ব্লগার নিলয়ের মতো তোমারও পরিণতি হবে, প্রস্তুত থাকো।’
প্রাণনাশের হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে ধানমন্ডি থানায় যাবেন বলে জানান প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ ও গণজাগরণ মঞ্চকে ‘প্রজন্ম চত্বর’ নামকরণকারী ফেরদৌসী প্রিয়ভাষিণী।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।
আপনার মন্তব্য