সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০১৫ ২০:২৮

নিলয় হত্যা: তদন্তে আসছে এফবিআই!

জঙ্গি মৌলবাদীদের চাপাতির আঘাতে নিহত ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় এফবিআই-এর পক্ষ থেকে ‍এ প্রস্তাব দেওয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুন্তাসিরুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নিলয় হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার জন্য এফবিআই-এর পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছে। আমরা তা বিবেচনা করছি। তাদের সঙ্গে বসে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে খুন হওয়া ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডেরও তদন্ত করে এফবিআই।

শুক্রবার (০৭ আগস্ট) রাজধানীর উত্তর গোড়ানে ভাড়া বাসায় তার স্ত্রী ও শ্যালিকাকে বারান্দায় আটকে রেখে ব্লগার নিলয় নীলকে কুপিয়ে হত্যা করে জঙ্গি মৌলবাদীরা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কুপিয়ে মৃত্যু নিশ্চিতের পর তারা পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার তার স্ত্রী আশামনি বাদী হয়ে অজ্ঞাত চারজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন।

ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত