০৮ আগস্ট, ২০১৫ ২৩:০৪
আগামী সাত দিনের মধ্যে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শনিবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বরে মশাল মিছিল পূর্ব এক ব্রিফিংয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার খুনিদের গ্রেফতারে সময়সীমা বেঁধে দিয়ে বলেন, খুনিদের গ্রেপ্তার করে প্রমাণ করতে হবে এর সঙ্গে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়।
ইমরান বলেন, “নীলয় নীল হত্যার পর সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের তরফ থেকে এমন কোনো কথা বলা হয়নি, যাতে আমরা আশ্বস্ত হতে পারি। আমরা রাজপথে আছি। রাজপথে থেকেই প্রতিবাদ করে যাচ্ছি।
“কিন্তু কোনো প্রতিবাদ সরকার আমলে নিচ্ছে না। তাদের টনক নড়ছে না। দায়ীদের গ্রেপ্তারে কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিচ্ছে না। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে থাকব।”
চলতি বছরেই এর আগে তিন ব্লগার খুন হলেও এখনও কোনোটির তদন্তে কূল-কিনারা করতে পারেনি পুলিশ। এরইমধ্যে শুক্রবার রাজধানীর গোড়ানে নিজের বাসায় দুর্বৃত্তের চাপাতির আঘাতে নিহত হয়েছেন নিলয়, যিনি ব্লগে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
নিলয় হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে ইমরান বলেন, “এর আগে মুক্তমনাদের রাস্তায়, অফিসে যেতে বা অফিস থেকে ফিরতে হত্যা করা হয়েছে। এবার বাসায় গিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর পর ২৪ ঘণ্টা শেষ হয়ে গেছে। এখনও কোনো অপরাধী গ্রেপ্তার হয় নাই।
“সব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বক্তব্য দেয়, সেই বক্তব্যই এবারও দিচ্ছে। তাই আমরা বুঝতে পারছি না, তারা এই ঘটনার হত্যাকারীদের গ্রেপ্তারে আন্তরিক কি না।”
তিনি বলেন, “এখন সারা দেশে হত্যার মহোৎসব চলছে। শিশু থেকে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। কখনও কখনও সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কেউ হত্যাকারীদেরই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
“আমরা সরকারকে সাত দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আপনারা প্রমাণ করুন, এই ঘটনার সঙ্গে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও সংশ্লিষ্টতা নেই।”
ইমরান এইচ সরকার (ফাইল ছবি) ইমরান এইচ সরকার (ফাইল ছবি) সাত দিনের মধ্যে খুনিরা ধরা না পড়লে বিভিন্ন প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
নিলয়ের জন্য আগামী শুক্রবার শোক পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সমাবেশ করার কর্মসূচিও দিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সময়ে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে শোক সমাবেশ পালনে মঞ্চের কর্মী ও প্রগতিশীলদের প্রতি আহ্বান জানান ইমরান এইচ সরকার।
তার আগ পর্যন্ত প্রতিদিন নিলয়ের জন্য কর্মসূচি ঘোষণা করেছে জাগরণ মঞ্চ।
রোববার বিকাল ৪টায় শাহবাগে নিলয়ের প্রতিকৃতি স্থাপন করে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
নিলয়সহ নিহত গণজাগরণ মঞ্চের অন্য কর্মী ও মুক্তমনাদের হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকাল ৪টায় গণমিছিল কর্মসূচির কথা জানান ইমরান। একই সময়ে সারা দেশে গণমিছিলের কর্মসূচি পালনের আহ্বান তিনি জানান।
এছাড়া শুক্রবার পর্যন্ত বিভিন্ন ছাত্র-যুব-নারী-সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের সঙ্গে মতবিনিময় করার কর্মসূচি রয়েছে তাদের।
প্রেস ব্রিফিংয়ের পর নিলয় হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগ থেকে একটি মশাল মিছিল বের করেন জাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে ফের শাহবাগে এসে শেষ হয়।
আপনার মন্তব্য