০৯ আগস্ট, ২০১৫ ০০:২৮
জঙ্গি মৌলবাদীদের চাপাতির আঘাতে খুন হওয়া ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) হত্যা মামলায় আগামী ১৬ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন রাখা হয়েছে।
মামলার এজাহার শনিবার (৮ আগস্ট) বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৌঁছালে মহানগর হাকিম রাশেদ তালুকদার এ দিন রাখেন। আদালতের সংশ্লিষ্ট বিভাগের পুলিশের উপপরিদর্শক দীপক কুমার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার গোড়ানে নিজের বাসায় নিলয় খুন হওয়ার পর রাতে তার স্ত্রী আশা মনি খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হলেও কারও নাম উল্লেখ করা হয়নি।
অচেনা চার যুবক ঘরে ঢুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে তিনি সাংবাদিকদের আগেই বলেছিলেন। দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বরের পাঁচতলা ভবনের পঞ্চম তলায় নিলয়ের ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে যায় ওই যুবকরা। ঘরে তখন নিলয়ের স্ত্রী ও এক শ্যালিকা ছিলেন। অস্ত্রের মুখে তাদের বারান্দায় আটকে রাখা হয়েছিল বলে আশা মনি জানিয়েছেন।
নিলয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ব্লগ ও ফেসবুকে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন তিনি। গত কিছুদিন ধরে হুমকি পাওয়ার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নিলয় আড়াই মাস আগে জিডি করতে গেলেও থানা তা নেয়নি বলে ফেইসবুকে এক পোস্টে তিনি লিখে গেছেন।
অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের মতো এই ব্লগারকেও হত্যার দায় স্বীকার করে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার নামে বিবৃতি এসেছে।
নিলয়ের দেহে ধারালো অস্ত্রের ১২টি আঘাতের চিহ্ন পেয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসকরা। তারা বলছেন, অভিজিৎ রায়সহ অন্য ব্লগারদের যেভাবে হত্যা করা হয়,এই হত্যাকাণ্ডের ধরনও তেমনি।
পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আপনার মন্তব্য