সিলেটটুডে ডেস্ক

০৯ আগস্ট, ২০১৫ ১২:৩৭

ব্লগার হত্যার তদন্তে বিশেষ সেল গঠন করছে সরকার

ব্লগার ও ভিন্ন মতের চিন্তাশীল ব্যক্তিদের হত্যাকাণ্ডের ঘটনায় দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার প্রেক্ষাপটে অবশেষে সরকারের টনক নড়েছে। মামলাগুলো তদন্ত করতে আলাদা বিশেষ সেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বাধীন এ সেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। তারা মামলা তদন্তে তদারকি ছাড়াও আসামিদের গ্রেফতার ও নানা আইনি বিষয়ে পরমর্শ দেবেন।

আজ রবিবার (৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ ও গত শুক্রবার খুন হওয়া নীলাদ্রি চ্যাটার্জি ওরফে নিলয় নীল ছাড়াও গোপীবাগে ছয় খুন ও মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের তদন্তে তেমন অগ্রগতি নেই।

এসব ঘটনায় কয়েকজন খুনিকে চিহ্নিত করা গেলেও তাদের শনাক্ত করে গ্রেফতার করা যাচ্ছে না। তদন্ত কর্মকর্তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় তদন্তে পুরো সময় দিতে পারছেন না বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন।

হত্যাকারীদের খুঁজে বের করতেও ব্লগার হত্যা মামলার অধিকতর তদন্তে গঠন করা হবে বিশেষ সেল। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ব্লগার ও ভিন্ন মতের মানুষদের হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বিশেষ সেলের অধীনে থাকবেন। তিনি শুধু সংশ্লিষ্ট মামলাটি তদন্ত কাজেই অধিক সময় ব্যয় করবেন। তাকে সব ধরনের সহায়তা দেবে অন্যান্য গোয়েন্দা সংস্থা।

পাশাপাশি মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে সেলকে নিয়মিত অবহিত করবেন তিনি। সেলের পক্ষ থেকে এসব মামলা তদন্তে অগ্রগতি স্বরাষ্ট্র মন্ত্রীকে অবহিত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত