সিলেটটুডে ডেস্ক

১০ আগস্ট, ২০১৫ ১৪:২২

নিলয় হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর, তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন

ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) হত্যা মামলার তদন্ত থানা পুলিশের কাছ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে এ মামলার তদন্ত থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ছায়া তদন্ত করছিল।

সোমবার (১০ আগস্ট) থেকে মামলাটির তদন্তের দায়িত্ব ডিবিকে হস্তান্তর করেছেন ডিএমপি কমিশনার।

এদিকে মামলা তদন্তভার পাওয়ার পর ডিবি পুলিশের তদন্ত দল ঘটনাস্থল রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলা পরিদর্শন করে। এর আগে খিলগাঁও থানার পুলিশ নিলয় হত্যাকাণ্ডের মামলার সব নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করে। মামলাটি খিলগাঁও থানায় তদন্তাধীন ছিল।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মনতাসুর ইসলাম এসব তথ্যের নিশ্চিত করেছেন।

এদিকে, সিআইডির মুখপাত্র ও অর্গানাইজড ক্রাইম ডিভিশনের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আব্দুল্লাহ-হেল বাকী বলেন, ডিবি পুলিশ তদন্ত করবে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিবি পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।

তিনি বলেন, এর আগে সিআইডির ফরেনসিক বিভাগের ক্রাইম সিন ইউনিট যে আলামত সংগ্রহ করেছিল, সেগুলো বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের যে ক্লু পাওয়া গেছে এবং পরবর্তীতে পাওয়া যাবে, তা ডিবি পুলিশ তদন্ত কাজে লাগাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশার এস এম জাহাঙ্গীর আলম সরকার সোমবার দুপুরে বলেন, ডিএমপি কমিশনার খিলগাঁও থানায় দায়ের করা ব্লগার নিলয় হত্যার মামলাটি ডিবির কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ এতোদিন ছায়া তদন্ত করছিল। এখন থেকে মামলাটি তারাই তদন্ত করবে।

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ৮ আগস্ট দুপুর ১টার দিকে ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গি মৌলবাদীরা।

বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ব্লগারকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময়ে খুনীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর স্থান ত্যাগ করে বলে জানিয়েছিলেন নিহত নিলয় নীলের স্ত্রী আশামনি।

এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহত নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় বিভিন্ন ব্লগ ও ফেসবুকে নিলয় নীল নামে লিখতেন। মুক্তমনা, নবযুগ ও ইস্টিশন ব্লগে লেখার পাশাপাশি তিনি ফেসবুকেও সক্রিয় ছিলেন।

তিনি ছিলেন শাহবাগ গণজাগরণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী। কয়েক মাস আগে তাকে কতিপয় যুবক অনুসরণ করছিল বলে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন।

ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন, ঘটনার পর তিনি থানায় জিডি করতে গেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তার সে জিডি গ্রহণ করেননি, উলটো দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন।

আপনার মন্তব্য

আলোচিত