সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৫ ১১:৪৫

একাত্তর টিভির টকশো সিডি আদালতে, মঙ্গলবার শুনানি

বিচারাধীন বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে সম্প্রচারিত খবর ও আলোচনা অনুষ্ঠানের ভিডিও এবং সেখানে শোনানো দুই বিচারকের কথিত কথোপকথনের অডিও টেপ আদালতে দাখিল করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বেঞ্চে একাত্তর টেলিভিশনের ওই ভিডিও ও অডিও সিডি জমা দেন।

রবিবার (১৬ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে সিডি দাখিল করেন। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।

আদালতে রেকর্ড উপস্থাপনের সময় একাত্তর টেলিভিশনের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় আদালতে উপস্থিত ছিলেন।

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়ের আগে বিচারকদের কথিত ভূমিকা নিয়ে গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে স্বদেশ রায়ের লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়।

এর আগে গত ১১ আগস্ট অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, দৈনিক জনকণ্ঠের আদালত অবমাননার সংবাদ প্রচার করতে গিয়ে সোমবার (১০ আগস্ট) একাত্তর টেলিভিশন প্রধান বিচারপতির একটি কথোপকথন প্রচার করে। যাতে প্রধান বিচারপতির ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু যার সঙ্গে কথা হয়েছে তার ছবি দেখানো হয়নি, ব্ল্যাকে রাখা হয়েছিলো।

তিনি বলেন, “যে বিচারাধীন বিষয়ে এবং যেই টেপ আদালতে বাজাতে দেওয়া হয়নি এবং যে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করলে আদালত নিয়ে কুৎসা রটানো হয়, সেটি আবার বাজিয়ে দেশবাসীকে শুনিয়ে তারা আদালত অবমাননা করেছেন কি না- এটিই আদালত পরীক্ষা করবে।”

তিনি আরও বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) এ বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আমার ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতামত জেনেছেন। এরপর একাত্তর টিভির প্রচারিত ভিডিও এবং টকশো’র ভিডিও ১৬ আগস্টের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

রোববার সকালে আদালতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, একাত্তরের সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

একাত্তর টেলিভিশন ১০ অগাস্ট অবমাননা মামলা নিয়ে তাদের প্রতিবেদনে ওই অডিও টেপ সম্প্রচার করে। রাতে তাদের সংবাদ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’- এ ওই টেপের বিষয়ে আলোচনাও হয়।

ওই অনুষ্ঠান নজরে আসায় পরদিন আপিল আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতামত শোনে। এরপর একাত্তর টেলিভিশনকে ১৬ অগাস্টের মধ্যে ভিডিও ও অডিও টেপ জমা দিতে বলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত