১৬ আগস্ট, ২০১৫ ২১:৫১
যুদ্ধাপরাধের বিচার নিয়ে রিপোর্টিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সাংবাদিক প্রবীর সিকদারকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রবীর শিকদারের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরে বাংলা নগর থানার এসআই জলিলের নেতৃত্বে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে অবস্থিত “উত্তরাধিকার ৭১ নিউজ” কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তিনি ধনকুবের মুসা বিন শমসেরের যুদ্ধাপরাধে সম্পৃক্ততা এবং বাচ্চু রাজাকারকে নিয়ে অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন করেন। লেখালেখির কারণে ২০০১ সালে আক্রমনের শিকার হয়ে তিনি পা হারাতে হয় প্রবীর শিকদারকে।
সাম্প্রতিক সময়ে নিজের জীবন নিয়ে শঙ্কিতও ছিলেন প্রবীর শিকদার। গত ১০ আগস্ট এ নিয়ে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে প্রবীর শিকদার লিখেন- “আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য দায়ী থাকবেন :
১. এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি
২. রাজাকার নুলা মুসা ওরফে ড. মুসা বিন শমসের
৩. ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ওরফে মাওলানা আবুল কালাম আজাদ এবং এই তিন জনের অনুসারী-সহযোগীরা।”
আটকের প্রসঙ্গে প্রবীর সিকদারের ছেলে সুপ্রিয় সিকদার টেলিফোনে জানান, প্রথমে তাকে শেরে বাংলানগর থানায় নিয়ে যাওয়া হবে বলা হলেও পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে কি কারণে বা কোন ঘটনায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তা জানা যায়নি।
তবে প্রবীর শিকদারকে আটকের বিষয়টি এখনও নিশ্চিত করেনি পুলিশ।
আপনার মন্তব্য