১৮ আগস্ট, ২০১৫ ১৩:১২
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত (বিএনপি সমর্থিত) প্রার্থী তাবিথ আউয়াল এর পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করার কথা ছিলো।
কিন্তু নির্ধারিত সময়ে সেখানে গেলে তারা কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদকে আটক করে নিয়ে যায় গোয়েন্দারা।
শওকত মাহমুদকে আটক করে নিয়ে যাওয়ার পর সমবেত হওয়া অন্যরা সেখান থেকে চলে যান। এদের মধ্যে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি (ডিইউজে) কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
শওকত মাহমুদকে আটকের বিষয়টি স্বীকার করে মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ- কমিশনার মাশরুখ খালেদ বলেন, শওকত মাহমুদকে শিগগিরই আদালতে নেওয়া হবে।
উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাছিরুল ইসলাম বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় চার্জশিটভুক্ত আসামি শওকত মাহমুদ। তাকে আদালতে নেওয়া হবে।
আপনার মন্তব্য