২৪ আগস্ট, ২০১৫ ০০:৪৫
জ্বালানী তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী মাসেই প্রধানমন্ত্রীর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র বিদায়ী নির্বাহী পরিচালক রাকেশ মোহনের সঙ্গে বৈঠক শেষে জ্বালানী তেলের দাম পুন:নির্ধারনের কথা বলেছেন অর্থমন্ত্রী।
জ্বালানী তেলের দাম কমানো প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যেই পেট্রোলিয়াম প্রডাক্টের দাম নিয়ে বৈঠকে বসবেন তিনি। সবকিছু ঠিক করে বিষয়টি পাঠানো হবে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে।
বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দাম কমছেই। সর্বশেষ প্রতি ব্যারেল তেলের দাম নেমেছে ৪০ ডলারে। ২০০৯ সালের মার্চের পর জ্বালানী তেলের এতো দাম কমেনি কখনো, আবার দাম কমলেও দেশের বাজারে তা কমেনি।
সর্বশেষ ২০১৩ সালের ৪ জানুয়ারি জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছিলো। এই সময়ে ৪ হাজার কোটি টাকার ওপরে মুনাফা করেছে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন বিপিসি।
রবিবার (২৩ আগস্ট) আইএমএফ’র নির্বাহী পরিচালকের পর অর্থমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ দেন বাংলাদেশে সফররত আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক বিট্রিশ প্রতিমন্ত্রী ডেসমন্ড এনগুস সোয়াইনের সঙ্গে।
আপনার মন্তব্য