নিউজ ডেস্ক

২৫ আগস্ট, ২০১৫ ০৭:৩৪

পেঁয়াজের দামে ঝাঁজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে সব ধরনের পেঁয়াজ রপ্তানিতে মেট্রিকটনপ্রতি এক লাফে ২৭৫ মার্কিন ডলার (২১ হাজার ৩৮৮ বাংলাদেশি টাকা) বাড়িয়েছে ভারত সরকার। প্রতি মেট্রিকটন পেঁয়াজের রপ্তানিমূল্য এখন ৪৩০ মার্কিন ডলারের (৩৩ হাজার ৪৪৪ বাংলাদেশি টাকা) পরিবর্তে আদায় করতে হবে ৭০৫ মার্কিন ডলার  (৫৪ হাজার ৮৬১)।

ভারতের বাজারে পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রুখতে এ পণ্যের রপ্তানিকে নিরুৎসাহিত করার লক্ষ্যে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি হিলি কাস্টমসে দেওয়া হয়েছে। নতুন এ রপ্তানিমূল্য মঙ্গলবার সকাল থেকে কার্যকর হবে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে জানান, সোমবার সকাল থেকে সারাদিনই আগের নির্ধারিত ৪৩০ মার্কিন ডলার মূল্যে পেঁয়াজ আমদানি করা হয়েছে। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে ভারতের কৃষিজাত পণ্যের মূল্য নির্ধারণী সংস্থা (ন্যাফেড) থেকে পেঁয়াজের রপ্তানিমূল্য ৪৩০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৭০৫ মার্কিন ডলার নির্ধারণ করে একটি চিঠি হিলি কাস্টমসে দেয় বলে ভারতীয় ব্যাবসায়ীরা জানান। এ চিঠির নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়। 

হারুন উর রশীদ বলেন, এ চিঠি দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে ভারত সরকারের বেধে দেওয়া নতুন রপ্তানিমূল্যে পেঁয়াজ আমদানি করতে হবে। তবে, দেশের বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে পুরনো এলসিগুলো এমেন্ডমেন্ট করে ডলার বৃদ্ধি করে নতুন মূল্যে পেঁয়াজ আমদানি করা হবে। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দামে খুব একটা প্রভাব পড়বে না।

আপনার মন্তব্য

আলোচিত