সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০১৫ ১৯:২১

এবার বললেন হানিফও : বাম নেতারাই বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলেন

বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলেন বলে এবার মন্তব্য করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার রাজধানীর আজিমপুরে অবস্থিত গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জাসদ ও ন্যাপসহ যাঁরা বাম রাজনীতি করতেন, ৭২ থেকে ৭৫-এ তাঁরা বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করেছিলেন। কেন করেছিলেন, তাঁরাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তাঁদের ঔদ্ধত্য এমন পর্যায়ে ছিল যে, একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য যা যা করণীয়, তাঁরা তা-ই করেছিলেন। আর তাঁরাই ওই সময় তৈরি করেছিলেন জাতির পিতাকে হত্যার প্রেক্ষাপট।’

হানিফ বলেন, ‘আজকে আমাদের নেতা শেখ সেলিমের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির বক্তব্যের সঙ্গে সুর মেলানোর যে অভিযোগ করা হচ্ছে, এটার কোনো যৌক্তিকতা নেই। যে যেখান থেকে দেখুক না কেন, ইতিহাস নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

হানিফ আরও বলেন, ‘বঙ্গবন্ধু সরকারকে অস্থিতিশীল করার জন্য হাটবাজার লুটপাট, ডাকাতি, ব্যাংক ডাকাতি, সাধারণ মানুষকে হত্যা, আওয়ামী লীগ নেতাদের হত্যা, এমনকি ঈদের নামাজের জামাত শেষে আওয়ামী লীগের এমপিদের হত্যা পর্যন্ত করেন তাঁরা। এ সমস্ত বর্বরোচিত কর্মকাণ্ডের লক্ষ্য ছিল একটাই, বঙ্গবন্ধুর সরকারকে অস্থিতিশীল করা। সেই কারণেই কিন্তু একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল।’

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘আজকে ওই বাম সংগঠনের অনেক নেতা ইতিমধ্যেই স্বীকারও করেছেন এবং তাঁদের অনেকে বলেছেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু সরকারের সময় তাঁরা যা করেছিলেন তা ভুল করেছিলেন। কিন্তু সেই ভুলের মাশুল জাতিকে দিতে হয়েছে চড়া দামে।’

আওয়ামী লীগের নেতা হানিফ বলেন, ষড়যন্ত্র এখনো হচ্ছে। বিএনপি ও খালেদা জিয়া আবার এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন। গত তিন-চার বছর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য নানা ঘটনা ঘটানো হয়েছে। কয়েক দিন আগে বিএনপি নেতার মেয়ে ফারাজানা জঙ্গি অর্থায়নের অভিযোগ আটক হয়েছে। এই ফারাজানারা একজন নয়। বিএনপি-জামায়াতের সংগঠনের নেতৃত্বে এ ধরনের অসংখ্য গ্রুপ আছে, যাদের খুঁজলে দেখা যাবে জঙ্গিবাদে মদদ দিচ্ছে, সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা করছে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সভাপতি ফারজানা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ শামসুন নাহার বেগম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত