২৬ আগস্ট, ২০১৫ ০৯:৪০
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা ও বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহার সহ ৬দফা দাবিতে ফুলবাড়ী-ঢাকা মোড় এলাকায় জমায়েত হওয়া হাজার হাজার জনতার ওপর গুলিবর্ষণের কালো অধ্যায়যুক্ত ফুলবাড়ী ট্রাজেডির আজ ৯ বছর।
আহতরা অনেকেই পঙ্গুত্ব বরণ করে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন। আর নিহতের পরিবারগুলো এখনও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর বেদনা।
২০০৬ সালের ২৬ আগস্টে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই ফুলবাড়ীর ঢাকা মোড়ে ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজারমানুষ জমায়েত হতে থাকে।
দুপুর ২টার দিকে তেল, গ্যাস, খনিজ সম্পদও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে প্রথমে পুলিশ বাধা দেয়।
পুলিশ-বিডিআর'র ব্যারিকেড ভেঙ্গে মিছিলটি এগুতে থাকলে আন্দোলনকারীদের উপর টিয়ার সেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করে।
সে সময় বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ-বিডিআরের গুলিতে এ সময় নিহত হয় আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হয় ২ শতাধিক আন্দোলনকারী জনতা। আহতদের মধ্যে অনেকেই এখন পঙ্গু।
এ দিনই প্রতিবাদী জনতা উত্তেজিত হয়ে ফুলবাড়ীতে অবস্থিত এশিয়া এনার্জির কার্যালয় ভেঙে দেয়। শুরু হয় লাগাতার হরতাল। সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফুলবাড়ী।
এরই মধ্যে ৩০ আগস্ট তৎকালীন সরকারের সঙ্গে আন্দোলন কমিটির সঙ্গে ৬ দফা চুক্তির পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
৬ দফা দাবির মধ্যে এশিয়া এনার্জিকে দেশ ত্যাগ করা, দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না, নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলি বর্ষণে দায়ীদের শাস্তি ও আন্দোলনকামী সব জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ২৬ আগস্ট উপলক্ষে ফুলবাড়ীবাসীর পক্ষ থেকে দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সকাল ১০টায় ফুলবাড়ী শহীদ মিনার চত্বরে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসময় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত থাকবেন।
আপনার মন্তব্য