২৬ আগস্ট, ২০১৫ ১৩:৫৫
বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ‘আরাকান আর্মি’র গোলাগুলির ঘটনায় এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে থানচির বড় মোদক এলাকায় এ ঘটনায় জাকির নামে বিজিবির এক নায়েক আহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হবার খবর পাওয়া গেছে। তবে কোন দায়িত্বশীল সূত্র থেকে কেউ হতাহত হওয়ার কথা স্বীকার করেনি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, “আহত বিজিবি সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনার জন্য হেলিকপ্টারে করে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।”
বিজিবি বলছে, মিয়ানমারের ওই বিচ্ছিন্নতাবাদী দলটি সকালে বিজিবির টহল দলের ওপর আক্রমণ করলে সীমান্তরক্ষী বাহিনীও জবাব দেয়। এ সময় বিজিবির নায়েক জাকির আহত হন।
থানচির রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা সংবাদমাধ্যমকে বলেন, বড় মোদক বিজিবি ক্যাম্পের কাছেই সীমান্তে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ওই দলটির নাম ‘আরাকান আর্মি’ বলে জানান তিনি।
স্থানীয়দের ভাষ্য, বিজিবি সদস্যরা মঙ্গলবার আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১৩টি ঘোড়া আটক করে। এর জের ধরেই বুধবার সকালের এই গোলাগুলি।
বিজিবির বান্দরবান সেক্টরের মুখপাত্র মেজর বাবর জানান, নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিজিবি আক্রান্ত হওয়ার ঘটনায় আলীকদম এবং রুমা সেনা ব্যাটালিয়ন এবং বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন থেকে সেনা ও বিজিবি জওয়ানদের সীমান্তের দিকে যাত্রা করতে বলা হয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মেজর বাবর জানান।
আপনার মন্তব্য