সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৫ ১৫:৩৩

রহস্যময় ডাক্তারবাড়ির কেয়ারটেকারসহ ৪জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটি জেলার রাজস্থলীর সেই ডাক্তারবাড়ী এখন রহস্যময় এক বাড়ি হিসেবে আলোচিত হচ্ছে। এ বাড়ি থেকে গত বুধবার মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির এক সদস্যকে আটক করা হয়েছিল। আরাকান আর্মি বাংলাদেশ বর্ডার গার্ডের ওপর হামলা চালিয়েছিল।

শনিবার (২৯ আগস্ট) সকালে আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইন (২৫), বাড়ির দুই কেয়ারটেকার মং চ ওয়াং (৩৯), চ সুইং অং মারমা (৪২) এবং বাড়ির মালিক থাইল্যান্ডপ্রবাসী চিকিৎসক ডা. রেমাংসুর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ সরকার।

গত বুধবার আরাকান আর্মির সদস্য অং নংকে তাইতংপাড়া কলেজ রোডে সুরম্য একটি বাড়ি থেকে ২টি ঘোড়া, ৩টি মোটরসাইকেল, ৩টি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যাম, আরাকান আর্মির পোশাকসহ আটক করে যৌথবাহিনী।

এরপর শুক্রবার একই উপজেলার মব্বই পুনর্বাসন পাড়া থেকে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয় বাড়িটির দুই কেয়ারটেকারকে। বাড়ির মালিক প্রবাসী হওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

আটককৃতদের শনিবার রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন ওসি ওহিদুল্লাহ সরকার।

আপনার মন্তব্য

আলোচিত