সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৫ ২২:৫২

শেখ হাসিনার ওপর বিভিন্ন ভাষায় বই প্রকাশ করছে রাশিয়ান একাডেমি

রুশ, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই  প্রকাশ করবে রাশিয়ান একাডেমি অব সাইন্সের ইনস্টিটিউট অব অরিয়েন্টাল স্টাডিজ।

বিশ্বের পরিবর্তন সাধনকারী নেতাদের নিয়ে বই প্রকাশের উদ্যোগের অংশ হিসেবে শেখ হাসিনার ওপর এ গ্রন্থ প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। এর আগে রাশিয়ান একাডেমি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ওপর একটি বই প্রকাশ করেছে।

রবিবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান একাডেমির প্রধান ড. ভিটালি ভি নুমকিন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘ড. নুমকিন বলেছেন- তার সংস্থা রুশ, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে।’

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ড. নুমকিন।

বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে শোকপ্রকাশ করে তিনি বলেন,‘১৯৭৪ সালে বঙ্গবন্ধু রাশিয়া সফর করেছিলেন। ওই সফরে তিনি (বঙ্গবন্ধু) একজন ইন্টারপ্রেটর হিসেবে কাজ করেছেন।’

বৈঠকে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের বেশ প্রসংশা করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থন এবং স্বাধীনতার পর বিভিন্ন খাতে সহযোগিতায় দেশটির অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, রাশিয়ার ইরকুত করপোরেশনের মার্কেটিং ও এক্সটারনাল রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট ড. ভ্লাদিমির এন সুতভ ও ঢাকায় নিযুক্ত রাশিয়া দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনাতলি ওয়াই দেভ্যদেনকো উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত