সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৫ ২৩:১৬

মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধার সনদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) বৈঠকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তার মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
 
গত বছর চার সচিবের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছিল সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার জন্য পাঁচটি ধাপের শেষ ধাপ সম্পন্ন করেননি।
 
মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, মোল্লা ওয়াহিদুজ্জামানের বক্তব্য বিবেচনায় আমরা সে সময় সনদ বাতিল না করে স্থগিত করেছি। তাকে শুনানির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মুক্তিযোদ্ধার সপক্ষে যুক্তি তুলে ধরতে পারেননি। এজন্য তার সনদ বাতিল করা হয়েছে।
 
সনদ বাতিলের এ সিদ্ধান্ত তাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

গত বছরের ২২ সেপ্টেম্বর তৎকালীন স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

চার সচিবের গেজেট বাতিল করে মোজাম্মেল হক ওইদিন সাংবাদিকদের বলেছিলেন, “তিনি (মোল্লা ওয়াহিদুজ্জামান) মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার জন্য পাঁচটি ধাপের চারটিই শেষ করেছেন। যে ধাপটি শেষ করেননি ওই অপরাধ তার নয়।”

মন্ত্রী বলেন, “অতি উৎসাহী কর্মকর্তারা শেষ ধাপ না মেনে তার গেজেট প্রকাশ করেন, যা এনএসআইয়ের তদন্তেও বেরিয়ে এসেছে। তাই তার সনদ বাতিল না করে স্থগিত করা হয়েছে।”

সরকারের এই পাঁচ কর্মকর্তা ‘অবৈধ প্রক্রিয়ায়’ মুক্তিযোদ্ধা সনদ নেন বলে তদন্তে বেরিয়ে এলে তা বাতিলের সুপারিশ করে দুদক। ওই সুপারিশের পর গত ১৫ সেপ্টেম্বর জামুকার বৈঠকে সনদ বাতিলের সিদ্ধান্ত হয়।

আপনার মন্তব্য

আলোচিত