সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০১৫ ২২:৩৭

শাবিতে শিক্ষক লাঞ্ছনার নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যাপক ইয়াসমিন হক সহ আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ একই সঙ্গে তারা বিতর্কিত উপাচার্যকে অপসারণের দাবিও জানিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহ সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়-  ‘গণমাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইয়াসমিন হক সহ আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী, গুন্ডাদের নজিরবিহীন হামলার সংবাদ আমাদের অত্যন্ত ক্ষুব্ধ ও ব্যথিত করেছে।

‘বরেণ্য লেখক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল ও তার সুযোগ্য সহধর্মিনী অধ্যাপক ইয়াসমিন হক শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরচক্রের রাজনীতি নিষিদ্ধকরণের আন্দোলনের শুরু থেকে যুক্ত রয়েছেন। ২০১৩ সালে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঢাকার শাহবাগ চত্ত্বরে সূচিত ছাত্র-জনতার মহাজাগরণের অন্যতম অণুপ্রেরণা ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার মশালবাহী এই শিক্ষক দম্পতি। ইয়াসমিন হকের উপর ছাত্রলীগের পরিচয় বহনকারী কতিপয় গুন্ডার এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই’।

বিবৃতিতে আরও বলা হয়- ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ আমরা গত ছয় বছর ধরে ক্রমাগত বলছি— ছাত্রলীগের ভেতর সুপরিকল্পিতভাবে শিবিরের অনুপ্রবেশ ঘটছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়- আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নিকট আকুল আহ্বান জানাচ্ছি অবিলম্বে অধ্যাপক ইয়াসমিন হক সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর জঘন্য হামলার জন্য দায়ী ছাত্রলীগের পরিচয়ধারী গুন্ডাদের সংগঠন ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। একই সঙ্গে শিক্ষাঙ্গনে এহেন গুন্ডামির প্রশ্রয়দাতা শাবি’র বিতর্কিত উপচার্যকে অবিলম্বে অপসারণের জন্য।’

আপনার মন্তব্য

আলোচিত