০১ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২৮
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আজ (মঙ্গলবার) বিকাল ৫টায় শুরু হচ্ছে। গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহবান করেছেন।
অধিবেশন উপলক্ষে ইতোমধ্যে সংসদ সচিবালয থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ৭ম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হবে। ঈদুল আযহার পূর্বেই এ অধিবেশন শেষ করার কথা রয়েছে। এ অধিবেশনের জন্য মোট ১৩ টি সরকারি বিল জমা রয়েছে। এর মধ্যে নতুন ৫টি বিল রয়েছে।
বিলগুলোর মধ্যে রয়েছে, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবি কার্যক্রম রেগুলেশন বিল ২০১৫, ট্রেড মার্ক (সংশোধন) বিল ২০১৫, পের্টস (সংশোধন) বিল ২০১৫, দুর্নীতি দমন (সংশোধন) বিল- ২০১৫ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০১৫। এছাড়াও সংসদের সপ্তম অধিবেশনের জন্য ইতোমধ্যে প্রশ্ন শাখায় এবং নোটিশ শাখায় বেশ কিছু প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে।
সর্বশেষ গত ৮ জুলাই দশম জাতীয় সংসদের ষষ্ঠ (বাজেট) অধিবেশন শেষ হয়। গত ১ জুন ওই অধিবেশন শুরু হয়।
মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে গত ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন সংসদে এ বাজেট পাস করা হয়।
আপনার মন্তব্য