০৪ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:০৮
রাজগঞ্জের ভাষা সৈনিক ডা. এম মহিউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের খান সাহেবের মাঠে নামাজে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ সময় জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, ডা. মকবুল হোসেন ও মরহুমের ছেলে মাজেদ কামাল বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান রানা, বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু ও সাবেক পৌর মেয়র মঞ্জুর হাসান মাহমুদ খুশী।
এর আগে সকাল ৭টার দিকে শহরের জুবলী বাগান সড়কের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ভাষা সৈনিক এম মহিউদ্দিন খান ১৯৩০ সালের ৭ মার্চ তৎকালিন সিরাজগঞ্জ মহকুমার জুবিলী বাগান লেনের পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়নরত অবস্থায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমতলার সভায় উপস্থিতি, ১৪৪ ধারা ভঙ্গ করা এবং ব্যারাক প্রাঙ্গণে পিকেটিং করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের কবলে পড়েন। ১৪৪ ধারা ভঙ্গ করার পর পুলিশের গুলিবর্ষণে আহত সঙ্গীদের তিনি হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। ২৩ ফেব্রুয়ারি সারা রাত জেগে তিনি শহীদ মিনার নিমার্ণেও অংশগ্রহণ করেন।
১৯৫৫ সালে এম মহিউদ্দিন খান এমবিবিএস পাস করে ১৯৫৬ সালে সিরাজগঞ্জ শহরে প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
আপনার মন্তব্য