সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৪৪

শাহরিয়ারের মৃত্যু আত্মহত্যা নাকি নতুন স্টাইলে হত্যা, প্রশ্ন ইমরানের

শাহরিয়ারের মৃত্যুর ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শাহরিয়ারের মৃত্যু আত্মহত্যা নাকি নতুন স্টাইলে হত্যা এই প্রশ্ন তুলেন তিনি।

ইমরান বলেন, নতুন স্টাইলে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কী না সেটা খতিয়ে দেখতে হবে। শাহরিয়ারের মৃত্যু ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মীদের ধারাবাহিক হত্যার অংশ কী না তা্ও খতিয়ে দেখার দাবি জানান ইমরান।

শুক্রবার বিকেলে শাহবাগে গণঅবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র। এরআগে সিলেট গণজাগরণ মঞ্চ থেকেও শাহরিয়ার মৃত্যু রহস্য উন্মোচনে সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়।

গণঅবস্থান কর্মসূচী থেকে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড কার্যকরে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করে গণজাগরণ মঞ্চ।

এই দুই মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির রায় দ্রুত কার্যকরে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

বিকাল সাড়ে ৪টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলে সন্ধ্যা নাগাদ। এরপর বিকাল সোয়া ৫টার দিকে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে ফের শাহবাগে পৌঁছে মিছিলটি শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “দুটি মামলায় দীর্ঘদিন পার হলেও এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি। ফাঁসি কবে কার্যকর হবে তা সবার অজানা।

“এতোদিনেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া এবং রায় কার্যকর না হওয়ার মাধ্যমে কালক্ষেপণের বিষয়টি স্পষ্ট হয়েছে। আর কালক্ষেপণ না করে দ্রুত রায় কার্যকরের পদক্ষেপ নিন।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে চট্টগ্রামের যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে গত ২৯ জুলাই চূড়ান্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ।

এর আগে ১৬ জুন আপিলের রায়ে মুক্তিযুদ্ধকালে আল বদর বাহিনীর প্রধান আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকে।

আপিল বিভাগ থেকে ঘোষিত এ দুটি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনও প্রকাশিত হয়নি। অনুলিপি প্রকাশের পর রায় পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ পাবেন দণ্ডিতরা। সেটা খারিজ হলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ারও সুযোগ রয়েছে।

আপিল বিভাগে থাকা যুদ্ধাপরাধ মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানান গণহজাগরণ মঞ্চের মুখপাত্র।

আপনার মন্তব্য

আলোচিত