নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৪৫

ডিবি পুলিশ পরিচয়ে অপহরনকারী চক্রের ৭ সদস্য আটক

বাংলাদেশের বিশেষ পুলিশ র‍্যাব আজ ঢাকার বিমানবন্দর এলাকা থেকে এক অপহরণকারী চক্রের ৭ জন সদস্যকে আটক করেছে।

র‍্যাব বলছে, এরা বিভিন্ন সময় 'ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিয়ে' লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো।

র‍্যাব-১ এর অধিনায়ক লে: কর্ণেল তুহিন মাসুদ জানান, আজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি গাড়ি থেকে এই সাতজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের সাথে ডিটেকটিভ পুলিশের পরিচয়পত্র, হাতকড়া, চোখে লাগানোর মলম ইত্যাদি সরঞ্জাম এবং মুক্তিপণের টাকাও পাওয়া গেছে বলে জানান তিনি।

মি. মাসুদ বলেন, এটি ১০-১২ জন সদস্যের একটি সংঘবদ্ধ চক্র। তারা কালো কাচওয়ালা গাড়ি ব্যবহার করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোকজনকে তুলে নিয়ে যেতো, এবং নির্যাতন করতো।

"তারা অপহৃতদের মোবাইল ব্যবহার করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করতো, বা তার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড নিয়ে টাকা তুলতো।"

লে: কর্ণেল মাসুদ জানান, এই চক্রটি গত তিন-চার মাস ধরে সক্রিয় ছিল, তবে তাদের দলনেতা আগেও এ কাজের সাথে জড়িত ছিল।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে এখন আইনী প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

বিবিসি বাংলা

আপনার মন্তব্য

আলোচিত