০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৩৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। পুলিশ ধারণা করছে শাহাদাত ও তার স্ত্রী পালিয়েছেন। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে মেয়েটিকে মিরপুর মডেল থানায় নিয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করেন খন্দকার মোজাম্মেল হোসেন নামের একজন সাংবাদিক।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন গনমাধ্যমকে বলেন, 'তাকে ধরতে অভিযান চলছে। সে পলাতক রয়েছে। তার বাসায় গিয়ে আমরা তালা মারা দেখতে পেয়েছি'।
এর আগে রবিবার সন্ধ্যায় নির্যাতিতা শিশুকে রাস্তা থেকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। সে ক্রিকেটার শাহাদাতের বাসায় গৃহকর্মী ছিল এবং শাহাদাত ও তার পরিবারের সদস্যরা তাকে নির্যাতন করেছে বলে সে অভিযোগ করে।
তারপর নির্যাতনের শিকার মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়। মেয়েটির বয়স ১১ বছর বলে উল্লেখ করছে পুলিশ।
বাংলাদেশে ক্রিকেটারদের ব্যাপক তারকা-খ্যাতি রয়েছে। ফলে শাহাদাত হোসেন এ ধরণের অভিযোগে জড়িয়ে পড়ায় দেশব্যাপি এখন ব্যাপক সমালোচনা চলছে।
এবার শাহাদাত হোসেনও একটি ফৌজদারি অপরাধের সাথে জড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণসংযোগ কর্মকর্তা রাবিদ ইমাম গণমাধ্যমকে জানান, 'এটা তার ব্যক্তিগত ব্যাপার। ক্রিকেট বোর্ডের এখানে কোন ভূমিকা নেই। এক্ষেত্রে আইন তার নিজের গতিতেই চলবে'।
জাতীয় দলের তালিকাভুক্ত হলেও সাম্প্রতিক কোনও ম্যাচে অবশ্য বাংলাদেশ দলের মূল স্কোয়াডে শাহাদাতকে খেলতে দেখা যায়নি।
আপনার মন্তব্য