০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৪৭
ধর্মীয় উৎসিব ভাতার পাশাপাশি অসাম্প্রদায়িক উৎসব ভাতা চালু করতে যাচ্ছে সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি বাংলা নববর্ষে বাড়তি একটি বোনাস ঘোষণা করা হয়েছে । প্রতি বছর বৈশাখ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ভাতা পাবেন। এর পরিমাণ হবে তাদের মূল বেতনের ২০ শতাংশ।
এতদিন ধরে ধর্মীয় উৎসবে বছরে দুটি বোনাস দেওয়া হয়ে এলেও নতুন বোনাসকে অসাম্প্রদায়িক বোনাস হিসেবে দেখছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অষ্টম বেতন কাঠামো অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “উৎসব ভাতা যা আছে তা ধর্মভিত্তিক। কেউ ঈদে, কেউ বৌদ্ধ পূর্ণিমায়, কেউ বড়দিনে পায়।
“সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ একই সময়ে কোনো ভাতা পাচ্ছে না। বাংলা নববর্ষে সবাইকে ভাতা দেওয়া হবে।”
এতদিন মূল বেতনের সমান হারে বছরে কেবল দুটি উৎসব ভাতা দেওয়া হত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। মুসলমানরা দুই ঈদে, হিন্দুরা পূজায় এবং অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবে ওই ভাতা পেতেন।
বৈশাখি ভাতাকে সার্বজনীন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পহেলা বৈশাখে গ্রামের তৈরি পণ্য বেশি কেনাবেচা হয়, এটা গ্রামীণ অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব বিস্তার হবে।
“বৈশাখি ভাতা চালু হওয়ায় বাংলা সংস্কৃতির বিকাশে সহায়ক হবে, এটা বাংলা সংস্কৃতির প্রতি ভালবাসার প্রতিফলন।”
আপনার মন্তব্য