১১ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৩৭
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর আরোপিত ভ্যাট এ বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। তবে আগামী বছর থেকে শিক্ষার্থীদেরকেই ভ্যাটের টাকা প্রদান করতে হবে। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৪ প্রদান অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
যদিও বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই ভ্যাটের টাকা প্রদান করতে হবে। ভ্যাটের জন্য টিউশন ফি বাড়ানো যাবে না। অথচ একদিন পরই আজ শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, এ বছর ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় যাতে এই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় না করে, সেজন্য সরকার মনিটরিং করবে। আগামী বছর থেকে শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে।
আরোপিত ভ্যাট এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, যেহেতু প্রথম বছর হিসেবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাই আমরা তা মেনে নিয়েছি। এ বছর শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভ্যাট পরিশোধ করবে। কিন্তু পরবর্তী বছর থেকে শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে।
এসময় বেসরকারি শিক্ষার্থীদের প্র্রতিদিনের ব্যয় ১ হাজার টাকা উল্লেখ করে এর থেকে মাত্র ৭৫ টাকা ভ্যাট চাচ্ছেন বলেন জানান মুহিত।
উল্লেখ্য, চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির উপর সাড়ে সাত শতাংশ কর আরোপ করে সরকার।
কর আরোপের প্রতিবাদে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকেও বলা হয়, শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভ্যাটের টাকা পরিশোধ করবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে একই কথা বলেন।
আপনার মন্তব্য