১২ সেপ্টেম্বর, ২০১৫ ০০:৫৪
ধর্মীয় উগ্রবাদীদের হাতে প্রাণ হারানো বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের ৪৪তম জন্মদিন আজ। অভিজিৎ হত্যার পর এই প্রথম তাঁর জন্মদিন পালিত হচ্ছে।
জন্মদিন উপলক্ষে মুক্তমনা ডট কম নিয়েছে বিশেষ উদ্যোগ।
অভিজিৎ রায়ের জন্য তৈরি করা হয়েছে একটি আলাদা পাতা। সেখানে অভিজিৎ রায়ের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত সেকশন চালু করা হয়েছে। তাঁর প্রকাশিত লেখা ও বইয়ের জন্য রয়েছে আলাদা সেকশন। দেশি বিদেশি লেখক, মানবাধিকার কর্মীদের শুভেচ্ছা বাণীও জুড়ে দেয়া হয়েছে এখানে।
এছাড়াও অভিজিতের এবারের জন্মদিনে বিভিন্ন মানুষের 'আলোকিত হবার গল্প' প্রকাশ করতে যাচ্ছে মুক্তমনা ডট কম। ১ সেপ্টেম্বর থেকে আলোকিত হবার গল্প সংগ্রহ শুরু হয়।
এ বছরের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পরে তিনি ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা একটি রিকশায় করে একুশে বইমেলা থেকে বাড়ি ফেরার সময় সাড়ে আটটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কাছাকাছি এলাকায় ধর্মীয় উগ্রবাদীদের হামলা শিকার হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং বন্যা গুরুতর আহত হন।
বর্তমানে অভিজিৎ হত্যায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজন সদস্যকে আটক করেছে পুলিশ। সর্বশেষ আনসারুল্লাহ বাংলা টিমের ‘বর্তমান প্রধান’ মো. আবুল বাশারসহ তিনজনকে ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
অভিজিৎ রায় ব্লগ, ফেসবুক, ম্যাগাজিন এবং দৈনিক পত্র-পত্রিকায় নিয়মিত লিখতেন। মৃত্যুর পূর্বে প্রকাশিত তার বইগুলো হল- আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’ (২০০৫), মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে (২০০৭), স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি (২০০৮), সমকামিতা: বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান (২০১০), অবিশ্বাসের দর্শন (২০১১), বিশ্বাস ও বিজ্ঞান (২০১২), ভালবাসা কারে কয় (২০১২) ,শূন্য থেকে মহাবিশ্ব (২০১৪), ভিক্টোরিয়া ওকাম্পো: এক রবি-বিদেশিনীর খোঁজে (২০১৫)
আপনার মন্তব্য