সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:০৩

নো ভ্যাট আন্দোলন: রাজধানীতে মানববন্ধন, মিছিল, বিক্ষোভ অব্যাহত

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে ডাকা তিন দিনের ছাত্র ধর্মঘটের প্রথম দিনে রাজধানীতে মানববন্ধন, বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিল করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ১১টার পর ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে দুই প্রান্তে এবং সোবহানবাগ ও কলাবাগান এলাকায় শিক্ষার্থীদেরকে ধর্মঘটের সমর্থনে ক্লাস-পরীক্ষা রেখে এই কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার অবরোধের পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর পক্ষ থেকে বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে শনি থেকে সোমবার ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা। এতে যানজটে পুরো রাজধানী কার্যত অচল হয়ে যায়।

এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, টিউশন ফি’র ওপর এই ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে এই ভ্যাট পরিশোধ করবে।

এদিকে এনবিআর এর ব্যাখ্যা ও অর্থমন্ত্রীর নিজের ব্যাখ্যার একদিন পর নিজের অবস্থান থেকে সরে এসে অর্থমন্ত্রী শুক্রবার আবারও বলেন শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে। তবে এ ভ্যাট এ বছর নয়, আগামি বছর থেকেই দিতেই হবে।

এ বছর ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে বলা হলেও ভবিষ্যতে বিভিন্ন সার্ভিস চার্জ ও টিউশন ফির টাকা বাড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকেই ওই ভ্যাট আদায় করবে বলে এই শিক্ষার্থীর আশঙ্কা।

আপনার মন্তব্য

আলোচিত