১৪ সেপ্টেম্বর, ২০১৫ ১০:৫৪
মেডিকেল ভর্তি কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল রোববার থেকে এ আদেশ কার্যকর করার কথা বলেছে সরকার। ১৮ সেপ্টেম্বর সারা দেশে একযোগে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির নিশ্চয়তা দিয়ে কোনো কোনো কোচিং সেন্টার অভিভাবক ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এ ছাড়া কোনো কোনো ব্যক্তি অনলাইনে মূল প্রশ্নপত্রের সঙ্গে ১০০ ভাগ মিলে যাবে এমন প্রশ্ন সরবরাহের নিশ্চয়তা ও যেকোনোভাবে ভর্তি করে দেওয়ার আশ্বাস বা নিশ্চয়তা দিচ্ছে। এর বিনিময়ে তারা টাকাপয়সা আদায় করছে বলে মন্ত্রণালয় জানতে পেরেছে।
অভিভাবক ও শিক্ষার্থীরা যেন প্রতারণার শিকার না হন সে জন্য কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আপনার মন্তব্য