১৫ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:১৫
ঢাকায় পৌঁছেছে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ পৌঁছে।
বিমানবন্দরে দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটেলিয়ান বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী তার মরদেহ ৩৪ নম্বর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে আনা হবে। এরপর রাতে বারডেম মরচুয়ারিতে তার মরদেহ রাখা হবে। বুধবার সকাল ৮টায় তার মরদেহ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মন্ত্রীর প্রতি সকল স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য এক ঘন্টা রাখা হবে।
এর পরপরই মহসিন আলীর মরদেহ জাতীয় সংসদ কমপ্লেক্স দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে, সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপ ও সংসদ সদস্যবৃন্দ মন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে এই মুক্তিযোদ্ধাকে গার্ড-অব-অনার প্রদান করা হবে।
সেখান থেকে হেলিকপ্টারে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এবং এখান থেকে শহরে তার বাসভবন দর্জিমহলে নিয়ে যাওয়া হবে।
পরে তার মরদেহ মৌলভীবাজার সরকারি হাইস্কুল মাঠে শহীদ মিনারে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত রাখা হবে। সকলস্তরের লোক এখানে তার প্রতি শ্রদ্ধা দিবেদন করবে। বাদ আসর হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
সৈয়দ মহসিন আলী হৃদরোগ ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৯ মিনিটে মৃত্যুবরণ করেন।
আপনার মন্তব্য