সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:২৫

অভিজিৎ হত্যা: ফারাবী ফের রিমান্ডে

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত ফারাবী শফিউর রহমানকে ফের দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে আদালত এই রিমাণ্ড মঞ্জুর করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফারাবী একাধিকবার অভিজিৎ রায় সহ মুক্তচিন্তার সব লেখকদের হত্যার হুমকি দিয়েছিল।  এবং ব্লগার থাবা বাবা’র হত্যার পর কোন ইমাম থাবা বাবা’র জানাজার নামাজ পড়ালে তাঁকেও হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল।

গত বছরের ৯ ফেব্রুয়ারি ফারাবী তার ফেসবুক স্ট্যাটাসে অভিজিৎ রায় সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর পর কমেন্টে লিখেন- “অভিজিৎ রায় আমেরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে"।

ব্লগার থাবা বাবা ওরফে ইঞ্জিনিয়ার রাজীব হায়দারের হত্যাকাণ্ডের পর শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করা হলেও সে পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে।

বইমেলায় বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়-রাফিদা আহমেদ বন্যা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক।

বইমেলায় গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। পথে টিএসসি মোড়ে রাত সাড়ে ৯টার দিকে জঙ্গি হামলায় ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ।

অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় ২৭ ফেব্রুয়ারিতে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেন।  

গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শফিউর রহমান ফারাবীকে আটক করে র‍্যাব।

আপনার মন্তব্য

আলোচিত