সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৪১

ইংলিশ মিডিয়াম স্কুলের ভ্যাটও স্থগিত

বেসরকারি উচ্চ শিক্ষায় ভ্যাটের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ভ্যাট প্রত্যাহারের পর এবার হাইকোর্টের নির্দেশে ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফির উপর আরোপিত ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত হয়েছে।

গত সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘটনার তিন দিন পরেই এমন রায় দিলো হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেয়।
ভ্যাট আরোপের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে আদালতের রুলে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে এর জবাব দিতে বলা হয়েছে।

সরকার গত সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিলে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনও তাদের ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় সরকারের কাছে। কয়েকটি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এ দাবিতে বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে  মানববন্ধনও করে।

সানিডেল ও সান বিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার হাই কোর্টে রিট আবেদন করলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদালতে শুনানি হয়।

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তার সঙ্গে ছিলেন এম মনজুর আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।

চলতি অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার হলেও ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য ভ্যাট বহাল থাকে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছরের বাজেট উপস্থাপন করে ইংরেজি মিডিয়াম স্কুল-কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে চার শতাংশ হারে ভ্যাট প্রস্তাব করেন।

ওই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নামলে সরকার তাদের ভ্যাট প্রত্যাহার করে নেয়।

কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজের ওপর তা শুধু অব্যাহত রাখা নয়, সাড়ে চার শতাংশ থেকে বাড়িয়ে গত বছর সেটা সাড়ে সাত শতাংশ করা হয়।

এ বছর আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের ভ্যাট ১০ শতাংশ করার প্রস্তাব করলেও পরে তা সাড়ে সাত শতাংশ করা হয়। আবারো আন্দোলনের মুখে তা প্রত্যাহার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত