সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৫ ০২:৪৫

দেশে ফিরলেন মির্জা ফখরুল

সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে রবিবার সকালে সিঙ্গাপুর পৌঁছান ফখরুল। এক দিন যাত্রাবিরতির পর সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ছয় মাস ১০ দিন কারাবন্দি থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

২৬ জুলাই চিকিৎসার জন্য মির্জা ফখরুলের স্ত্রী আহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিৎসা করান। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নেতা। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত